প্রাণীর প্রতি নিষ্ঠুরতার শাস্তি বাড়াতে সরকারকে আইনি নোটিশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রাণীর প্রতি নিষ্ঠুরতার শাস্তি বাড়াতে সরকারকে আইনি নোটিশ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



প্রাণীর প্রতি নিষ্ঠুরতার শাস্তি বাড়াতে সরকারকে আইনি নোটিশ

দেশজুড়ে প্রাণীর ওপর নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় চলমান নিষ্ঠুরতা বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

রোববার (১২ এপ্রিল) এই নোটিশ পাঠানো হয়। মন্ত্রিপরিষদ সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বাগেরহাটে খান জাহান আলীর মাজার এলাকায় একটি জীবিত কুকুরকে কুমিরের সামনে ছুঁড়ে দেওয়ার ঘটনাকে গুরুতর আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।

এছাড়া রাজধানীর ধানমন্ডিতে বিড়াল হত্যা, কাটাবনে পশু-পাখির মৃত্যু এবং বিভিন্ন স্থানে কুকুর-বিড়ালের ওপর নির্যাতনের ঘটনাও নোটিশে তুলে ধরা হয়েছে।

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ারের পাঠানো নোটিশে প্রাণীর সুরক্ষায় ২১টি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রাণী কল্যাণ আইন-২০১৯ সংশোধন করে শাস্তির পরিমাণ বাড়ানো; প্রাণী খাদ্যের ওপর থেকে সকল প্রকার ভ্যাট ও ট্যাক্স প্রত্যাহার করা; ‘জাতীয় প্রাণী কল্যাণ কর্তৃপক্ষ’ নামে স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা গঠন করা।

এ ছাড়া রয়েছে- প্রাণী নির্যাতন বন্ধে বিশেষ টাস্কফোর্স এবং ‘প্রাণী পুলিশ সেল’ গঠন করা;  প্রতিটি এলাকায় প্রাণীদের জন্য নির্দিষ্ট কবরস্থান ও সরকারি এনিমেল হোটেল স্থাপন; সরকারি পশু হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি সেবা ও বিনামূল্যে জলাতঙ্ক টিকা দেওয়া; ৯৯৯-এর মাধ্যমে প্রাণীদের জন্য ২৪/৭ রেসকিউ সেবা চালু করা এবং  স্কুল-কলেজের পাঠ্যবইয়ে প্রাণী কল্যাণ শিক্ষা অন্তর্ভুক্ত করা।

নোটিশে বলা হয়েছে, বাগেরহাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে এবং অন্যান্য সুপারিশ বাস্তবায়নে ৩০ দিনের মধ্যে উদ্যোগ না নিলে হাইকোর্টে রিট করা হবে।

আইনজীবী জানান, সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে বলে তিনি আশা করছেন।

বাংলাদেশ সময়: ২১:২৫:২০   ১২৭ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিচারক আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে

Law News24.com News Archive

আর্কাইভ