![]()
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের করা তিনটি মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে চাঁদপুর আদালতে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান এর আদালতে ভার্চুয়ালি তাকে হাজির দেখানো হয়। পরে আদালত তিন মামলায় তার শোন অ্যারেস্ট মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, জিআর ৫৭৯, জিআর ৫৭১ ও জিআর ৫৮৫ নম্বর মামলায় তাকে আসামি দেখানো হয়েছে। তিনটি মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে উপস্থিত ছিলেন।
তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই ও ৪ আগস্টের ঘটনায় চাঁদপুরে সংঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার মামলায় দীপু মনিকে ১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, তিনি এসব ঘটনায় নির্দেশ ও ইন্ধন দিয়েছেন।
অন্যদিকে ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ভবনের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলাগুলোতেও তাকে আসামি করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা আদালতে উল্লেখ করেন, এসব ঘটনায় অন্যান্য আসামিদের পাশাপাশি দীপু মনির নির্দেশনা ও ভূমিকার অভিযোগ রয়েছে।
আদালত সূত্রে আরও জানা যায়, তিন মামলার শুনানিতে দীপু মনির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তিনি নিজেও অভিযোগের বিষয়ে বক্তব্য দেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন।
পরে আদালত তদন্তের স্বার্থে তিন মামলায় তার শোন অ্যারেস্ট মঞ্জুর করেন। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশিদ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০:২১:৪২ ৯ বার পঠিত