মোহাম্মদপুরে ‘নিষ্ঠুরভাবে’ বিড়াল হত্যা মামলায় আকবরের ছয় মাসের কারাদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মোহাম্মদপুরে ‘নিষ্ঠুরভাবে’ বিড়াল হত্যা মামলায় আকবরের ছয় মাসের কারাদণ্ড
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬



মোহাম্মদপুরে ‘নিষ্ঠুরভাবে’ বিড়াল হত্যা মামলায় আকবরের ছয় মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হত্যার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর ছয় মাসের কারাদণ্ডের রায় ঘোষণা দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এজন্য তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা জন্য ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করেন আদালত। এদিন রায় ঘোষণার তারিখ পিছিয়ে আদালত বুধবার তারিখ ধার্য করেন।

গত ২ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। এ নিয়ে মামলাটিতে ৪ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।

গত বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী বিড়াল হত্যার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় মোহাম্মদপুর থানা পুলিশ প্রতিবেদন জমা দেয়।

জানা যায়, ২০২৫ সালের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। গত ২ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। চার জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। মামলার আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত থেকে আজ সাজার রায় এলো।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

আরও জানা যায়, এই মামলার সাক্ষী বিষয়টি দেখে তৎক্ষণাৎ কি করবে বুঝতে না পেরে বাদীকে এই ঘটনার বিষয়ে অবগত করেন। বাদী আসামির বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। এ বিষয়ে সাক্ষীরা ও সিসি ফুটেজের মাধ্যমে নিশ্চিত হয়, আসামি ইচ্ছাকৃতভাবে বিড়ালকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। মামলার এজাহারে আসামির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারির আবেদনও করেছিলেন এই বাদী।

বাংলাদেশ সময়: ১০:২৫:০১   ৮৭ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড
সাত দিনের রিমান্ড শেষে কারাগারে মতিঝিলের কথিত শীর্ষ সন্ত্রাসী বাপ্পি
প্রবাসী নারীকে যৌতুক দাবির অভিযোগে মামলা, আজিম গাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
স্ত্রী হত্যা: ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায়
১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ
তনু হত্যা মামলা আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ