
ভোটের প্রচার শেষে কর্মব্যস্ততায় সময় কেটেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। মঙ্গলবার সারাদেশে নেতাকর্মী এবং প্রার্থীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কোন এলাকায় কী অবস্থা জেনেছেন, বিদেশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন। পরে দলের কার্যালয়ে এসে সাংগঠনিক কাজও করেছেন তিনি।
এদিকে সংসদ নির্বাচনে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান। ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তিনি। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, তারেক রহমান সকাল থেকে সারাদেশে প্রার্থীদের খোঁজখবর নিয়েছেন। নিজে নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেছেন। সারাদেশে পরিবেশ কেমন, তা তিনি জেনেছেন। সকাল থেকেই কর্মব্যস্ত সময় অতিক্রান্ত করেছেন। এ ছাড়া চেয়ারম্যানের বক্তব্য এসএমএস ও ভয়েস কলের মাধ্যমে সারাদেশে পাঠানো হয়েছে। দুপুরে গুলশানের বাসা থেকে চেয়ারম্যানের কার্যালয়ে আসেন।
সন্ধ্যায় বনানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারম্যান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। এবারের সংসদ নির্বাচনে ধানের শীষ ২৯১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর ৯টি আসনে বিএনপি তার সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করেছে।
প্রচারের শুরু থেকে টানা ১৯ দিন নির্বাচনী প্রচারণা করেছেন তারেক রহমান। গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে এই নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুরসহ ৪১টি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ০:২০:১৮ ৫১ বার পঠিত