মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো

জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২ মার্চ ধার্য করেছেন আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর ভারপ্রাপ্ত বিচারক মো. রবিউল ইসলামের আদালত এ তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন এতথ্য নিশ্চিত করেন।

এদিন মামলাটির আংশিক চার্জগঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। এজন্য কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়। তবে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক আব্দুস সালাম ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

গত ২১ জানুয়ারি অভিযোগ গঠনের আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন ৩০ জন আসামির মধ্যে ২০ জনের চার্জগঠন বিষয়ে শুনানি হয়েছিলো।

আদালত সুত্রে জানা গেছে, গত বছরের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার মো. এনামুল হক। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

১৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ১১ সেপ্টেম্বর পলাতক আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ৭:৩৭:২৭   ৮৫ বার পঠিত