শনিবার, ৭ মার্চ ২০২৬

মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের উদ্বেগ

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের উদ্বেগ
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের উদ্বেগ

মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ে’কে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে তাকে তলব করে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে মিয়ানমারের দিক থেকে বাংলাদেশের ভূখণ্ডে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সীমান্ত পারাপারের এই গুলিবর্ষণে বাংলাদেশি ১২ বছর বয়সী একটি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ পক্ষ থেকে জানানো হয় যে, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী সম্পর্কের জন্য অন্তরায়। বাংলাদেশ মিয়ানমারকে এই ঘটনার পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে এবং ভবিষ্যতে এ ধরনের সীমান্ত পারাপারের গুলিবর্ষণ বন্ধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। পাশাপাশি বাংলাদেশ জোর দিয়ে উল্লেখ করে যে, মিয়ানমার কর্তৃপক্ষ ও দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে, তা নিশ্চিত করতে হবে। এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দেন, তার সরকার এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আহত শিশুটি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১:৫৮:০৪   ৫১ বার পঠিত