মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ভোলায় ইজিবাইক চালক হত্যা মামলার তিন আসামি গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » ভোলায় ইজিবাইক চালক হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



---

ভোলার  লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে ছিনতাই করে ইজিবাইক চালক মো. আবু বকর সিদ্দিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ক্লুলেস মামলার প্রধান আসামিসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি)  দুপুরে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ক্লুলেস এ মামলার রহস্য উদঘাটন ও তিন জন আসামি গ্রেফতারের বিষয় বিস্তারিত জানায় জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৩০ ডিসেম্বর  রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকায় অজ্ঞাতনামা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে চরফ্যাশন পৌরসভা বাস স্ট্যান্ড থেকে লালমোহনের গজারিয়া বাজারে যাওয়ার কথা বলে ভিকটিম আবু বকর সিদ্দিকের ইজিবাইকটি ভাড়া করে। রাত সাড়ে ৯ ঘটিকায় লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকায় পৌঁছালে আসামিরা ভিকটিমের বুকের ডান পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে তাকে রাস্তায় ফেলে দেয় এবং নীল রঙের ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভিকটিম মৃত্যুবরণ করেন।

ঘটনার সংবাদ পেয়ে  লালমোহন থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে জানুয়ারির ১ তারিখে লালমোহন থানায়  মামলা দায়ের করেন।

মামলাটির রহস্য উদঘাটনে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ-এর নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ৬ জানুয়ারি  হত্যার সাথে জড়িত মূল আসামি মোঃ ইব্রাহিম (৩৬)-কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মোঃ ইব্রাহিম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পুলিশি অভিযানে গ্রেফতারকৃত আসামী মোঃ ইব্রাহিমের দেওয়া তথ্যমতে তার সহযোগী মোঃ রাজা(৩২) ও কাজী তারেক (৩৫) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা একটি দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। বিশেষ করে গ্রেফতারকৃত আসামি মোঃ রাজার বিরুদ্ধে ঢাকার সাভার এবং মোহাম্মদপুর থানায় খুন ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধারে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২২:৫০   ৫৩ বার পঠিত