অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড !

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড !
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



 ---

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ২২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারায় ১০ বছর এবং অর্থপাচারের দায়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিন ধারার সাজা একটার পর একটা চলবে বিধায় পিকে হালদারকে ২২ বছর কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

রোববার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় এই মামলার অন্য আসামি অবন্তিকা, শঙ্খ, সুকুমার ও অনিন্দিতা আদালতে উপস্থিত ছিলেন। পিকে হালদার পলাতক আছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। তিনি এই মুহূর্তে ভারতের কারাগারে আটক আছেন।

এর আগে গত বুধবার (৪ অক্টোবর) একই আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, পি কে হালদার নামে-বেনামে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ৬ হাজার ৭৯০ শতাংশ জমি কিনেছেন। এ সম্পদের বাজারমূল্য দেখানো হয়েছে ৩৯১ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ১২ টাকা। বর্তমানে এর বাজারমূল্য ৯৩৩ কোটি টাকা। এর মধ্যে নিজের নামে জমি কিনেছেন ৪ হাজার ১৭৪ শতাংশ। এর দাম দলিলে দেখানো হয়েছে ৬৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার ৯৩০ টাকা। অথচ এ সম্পদের বর্তমান মূল্য ২২৮ কোটি টাকা। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে পি কে হালদারের নামে দুটি ফ্ল্যাট রয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, পি কে হালদার তার নিকটাত্মীয় পূর্ণিমা রানী হালদারের নামে উত্তরায় একটি ভবন করেছেন। যার দাম ১২ কোটি টাকা। পূর্ণিমার ভাই উত্তম কুমার মিস্ত্রির নামে তেজগাঁও, তেজতুরী বাজার ও গ্রিন রোডে ১০৯ শতাংশ জমি কেনেন। যার বাজারমূল্য ২০০ কোটি টাকা। নিজের কাগুজে কোম্পানি ক্লিউইস্টোন ফুডসের নামে কক্সবাজারে ২ একর জমির ওপর নির্মাণ করেন ৮তলা হোটেল (র‌্যাডিসন নামে পরিচিত)। যার আর্থিক মূল্য এখন ২৪০ কোটি টাকা। এছাড়া পি কে হালদারের খালাতো ভাই অমিতাভ অধিকারী ও অনঙ্গ মোহন রায়ের নামে ঢাকা ও নারায়ণগঞ্জে ৪০৪ শতাংশ জমি কিনেছেন তিনি, এর বর্তমান দাম ১৬৭ কোটি টাকা।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও কানাডিয়ান ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্যের বরাত দিয়ে দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, পি কে হালদার ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে ভাই প্রীতিশ হালদারের কাছে ১ কোটি ১৭ লাখ ১১ হাজার ১৬৪ কানাডীয় ডলার পাচার করেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮০ কোটি টাকারও বেশি।

২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে প্রায় ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাউদ্দিন। এরপর তদন্ত করে দুদক পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

বাংলাদেশ সময়: ২০:০০:০৩   ২৪৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


ওসমান হাদি হত্যা: মূল সন্দেহভাজন ফয়সালের স্ত্রীর জামিন হয়নি
ছয় বছরের শিশু ধর্ষণ মামলায় সৎমামার যাবজ্জীবন
জুলাই হত্যা মামলা: ফের ৪ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ১০৫টি হিসাব অবরুদ্ধ
হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশুনানি পেছালো
ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের
ঢাকায় জমির বিরোধে হত্যা, ২৩ বছর পর চার জনের যাবজ্জীবন
দেড় কোটি টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতি: পাঁচ সদস্য রিমান্ডে
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
জুলাইয়ে হত্যা মামলা: তারেক সিদ্দিকীর দুই সহযোগী চার দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ