বিআইডব্লিউটিসির বহরে থাকা চারটি যাত্রীবাহী জাহাজ দীর্ঘদিন ধরে সদরঘাটের বাদামতলী ঘাটে অলস পড়ে থেকে নষ্ট হচ্ছে। এর মধ্যে এমভি রূপসা ও এমভি সুগন্ধা নামে দুটি জাহাজ ৬৮ কোটি টাকা ব্যয়ে কেনা হলেও যাত্রীসংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে এগুলো গত ৯ মাস ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। এছাড়া ২০১৪ ও ২০১৫ সালে ৫৪ কোটি টাকা ব্যয়ে কেনা এমভি বাঙালি ও এমভি মধুমতি জাহাজ দুটিও দীর্ঘদিন ধরে অকেজো পড়ে আছে।
এই চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এ লক্ষ্যে সম্প্রতি নৌপরিবহন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, তিনটি জাহাজকে চক্ষুচিকিৎসা, মা ও শিশুস্বাস্থ্যসেবা এবং অর্থোপেডিক সার্জারির জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। অন্য একটি জাহাজ সরকারি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আলোচনা অনুযায়ী, জাহাজগুলোর মূল কাঠামো অপরিবর্তিত রেখে রোগীদের জন্য র্যাম্প পদ্ধতি এবং প্রয়োজন অনুযায়ী কক্ষ তৈরির পরিকল্পনা করা হয়েছে। তবে ভাসমান হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে জনবল, চিকিৎসক-নার্সদের আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ খরচের মতো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আবদুল বারী ড্যানী জানান, পদ্মা সেতু চালুর পর নৌপথে যাত্রী কমে যাওয়ায় লোকসান কমাতে জাহাজগুলোকে বিকল্প উপায়ে ব্যবহারের এই চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬:১৫:৫১ ৮ বার পঠিত #জাহাজে #নৌপরিবহন মন্ত্রণালয় #পদ্মা সেতু #বিআইডব্লিউটিসি #ভাসমান হাসপাতাল #স্বাস্থ্যসেবা