২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হয়েছে এবং তা ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধু প্রি-পেইড টেলিটক মোবাইলের মাধ্যমে জমা দেওয়া যাবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ বছর এমবিবিএস ও বিডিএস কোর্সের জন্য অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।
আবেদনের যোগ্যতার শর্তানুযায়ী, প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা আবেদনের যোগ্য নন। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ হতে হবে এবং এইচএসসিতে জীববিজ্ঞানে জিপিএ কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য মোট আসনের ১ শতাংশ সংরক্ষিত থাকবে এবং তাদের ক্ষেত্রে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ ও জীববিজ্ঞানে জিপিএ ৩.০০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষার মানবণ্টন অনুযায়ী, ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন থেকে ১৫ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং পাস নম্বর ৪০। মেধাতালিকা তৈরির ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বরের পাশাপাশি এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএর ভিত্তিতে নম্বর যোগ করা হবে।
বিদেশি শিক্ষাব্যবস্থায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতাকরণ সনদ সংগ্রহের জন্য ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়মাবলি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৪:৫৯:৪৭ ১৬ বার পঠিত #এমবিবিএস #বিডিএস #ভর্তি বিজ্ঞপ্তি #মেডিকেল ভর্তি পরীক্ষা #স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর #২০২৬-২৭ শিক্ষাবর্ষ