শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: চার-পাঁচটি সম্ভাব্য কারণ চিহ্নিত করে আরও তদন্তের সুপারিশ

প্রথম পাতা » জাতীয় » নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: চার-পাঁচটি সম্ভাব্য কারণ চিহ্নিত করে আরও তদন্তের সুপারিশ
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬



সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অধিকতর তদন্তের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। আগুনের প্রকৃত কারণ সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে না পারায় সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলো নিয়ে আরও তদন্তের সুপারিশ করা হয়েছে।

এক দফা সময় বাড়ানোর পর গতকাল মঙ্গলবার বর্ধিত সময়ের শেষ দিনে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আজ বুধবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। ১৫ থেকে ২০ পৃষ্ঠার প্রতিবেদনটি সিলগালা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান আহমেদ মাহবুব-উল-ইসলাম।

তিনি বলেন, তদন্তের কাজ শেষ করে কমিটির সদস্যরা বৈঠকে বসে প্রতিবেদন তৈরি করেছেন। পরে একজন কর্মকর্তার মাধ্যমে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।

তদন্তসংশ্লিষ্ট একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে ঘরের ভেতরে সিগারেট বা মশার কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হওয়ার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাড়ির পুরোনো বৈদ্যুতিক তার থেকেও আগুন লাগার আশঙ্কা বিবেচনায় নেওয়া হয়েছে। সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলো অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে।

তদন্তের অংশ হিসেবে বাড়ির বাসিন্দা ও আশপাশের এলাকার বেশ কয়েকজনের বক্তব্য নেওয়া হয়। তাদের দীর্ঘ বক্তব্য পর্যালোচনা করে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করেই আগুন লাগার সম্ভাব্য কারণগুলো চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট সদস্যরা।

গত ১১ নভেম্বর রাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীদের আসামি করে দৌলতপুর থানায় মামলা করা হয়।

ঘটনার পরদিন ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। পরে তদন্তের জন্য ১৬ নভেম্বর থেকে আরও সাত কার্যদিবস সময় নেওয়া হয়। গতকাল মঙ্গলবার ছিল বর্ধিত সময়ের শেষ দিন।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

বাংলাদেশ সময়: ১০:৫১:৩৩   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #  #  #