অন্যের নাম, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে তৎকালীন বাংলাদেশ রাইফেলসে (বিডিআর, বর্তমানে বিজিবি) সিপাহী পদে যোগদান এবং দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি বেতন-ভাতা আত্মসাতের দায়ে মো. আকবর আলী নামে এক অবসরপ্রাপ্ত সিপাহীকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত তাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা এবং চাকরিকালীন উত্তোলিত সমুদয় বেতন-ভাতা সুদসহ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। জরিমানার অর্থ আদায়ে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরের মো. জাহাঙ্গীর আলমের সনদপত্র ব্যবহার করে প্রতারণামূলকভাবে বিডিআরে যোগ দেন আকবর আলী। ২০২২ সালের ২৫ মে পর্যন্ত তিনি চাকরি করে অবসরে যান। জালিয়াতি ধামাচাপা দিতে তিনি বিয়ের নিকাহনামা, চাকরির খতিয়ান বই এবং জাতীয় পরিচয়পত্রেও ভুয়া তথ্য ব্যবহার করেন। প্রকৃত জাহাঙ্গীর আলমের অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের ৭ জুন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২০:০৯:৪৮ ১২ বার পঠিত #আদালত #কারাদণ্ড #দুদক #প্রতারণা #বিজিবি #সিরাজগঞ্জে