গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবেদ আলী শেখকে খুলনায় মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় একদল লোক। রোববার বেলা ১টার দিকে খুলনা মহানগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেসিসি মার্কেট এলাকায় চা খেতে গেলে স্থানীয় লোকজন আবেদ আলী শেখকে ঘিরে ধরেন। এ সময় সেখানে উপস্থিত বিএনপি নেতা-কর্মীরাও তাঁকে মারধর করেন। পরে বেলা দেড়টার দিকে তাঁকে খুলনা সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, আবেদ আলীকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে। ওসি আরও বলেন, মারধরের ঘটনাটি গুরুতর নয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) ২০২৫ সালের ২৬ এপ্রিলের বিজ্ঞপ্তিতে শেখ আবেদ আলীকে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ৭:৩৩:৩৮ ৭ বার পঠিত #আওয়ামী লীগ #খুলনা #গোপালগঞ্জ #গ্রেপ্তার #নাশকতা