রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে ১ ডিসেম্বর এবং আবেদনের শেষ তারিখ ৭ জানুয়ারি। অনলাইনে ফি প্রদানের শেষ তারিখ ৮ জানুয়ারি। ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবার মোট আসন সংখ্যা ১ হাজার ৩০৯টি।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে (গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ) জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ থাকতে হবে। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিনটি বিষয়ে পৃথকভাবে জিপি ৫.০০ থাকা বাধ্যতামূলক।

সঠিকভাবে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে বাছাই করে প্রথম ১০ হাজার আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিন বিষয়ে প্রাপ্ত মোট নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পৃথক গ্রেড পয়েন্টের শর্ত নির্ধারণ করা হয়েছে এবং তাদের মধ্য থেকে প্রথম ৩০০ জনকে পরীক্ষার সুযোগ দেওয়া হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত সব সঠিক আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:২০:২১   ২০ বার পঠিত   #  #  #  #  #