রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » শাহজালাল বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩, রিমান্ড মঞ্জুর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্টসহ গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিবুল ইসলাম জুয়েল (৫৩) ও মো. শাওন (৩৯)। মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্র জানায়, আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়, যা স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন এবং অভিনব কৌশলে স্বর্ণ এনে জাকিরুল ও শাওনের সহায়তায় চোরাচালান করতেন। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০২:১১   ২০ বার পঠিত   #  #  #  #  #  #