জুলাই আন্দোলনকেন্দ্রীক মিরপুরের সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ১৯ নভেম্বর রমনা থানার বেইলি রোড এলাকা থেকে সিরাজুল হক খানকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কৃষ্ণদাস বৈরাগী। আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনে অংশ নেন সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সাগর আহম্মেদ। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা হলে সাগর গুলিবিদ্ধ হন এবং ওই দিন সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় সাগরের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২৩:০১:২৫ ১৯ বার পঠিত #আদালত #কারাগার #জুলাই হত্যা মামলা #রিমান্ড #সাগর আহম্মেদ #সিআইডি #সিরাজুল হক খান