শনিবার, ২১ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুকে সরাতে গাদি আইজেনকোটের নতুন রাজনৈতিক কৌশল

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেতানিয়াহুকে সরাতে গাদি আইজেনকোটের নতুন রাজনৈতিক কৌশল
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে নতুন রাজনৈতিক কৌশল গ্রহণ করেছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও তিনি নিজের নেতৃত্বে সরকার গঠনের প্রস্তাব নেসেটে ভোটাভুটির জন্য উপস্থাপন করতে চান। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি একটি সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোট সরকার গঠনের দায়িত্ব প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ফিরিয়ে না দিয়ে নেতানিয়াহুবিরোধী দলগুলোকে একত্র করে সরকার গঠনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এই প্রক্রিয়ায় আরব দল রা’আমের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইজেনকোটের হিসাব অনুযায়ী, দলটি সরাসরি জোটে যোগ না দিলেও বাইরে থেকে সমর্থন দিতে পারে, যদিও এ বিষয়ে দলটির আনুষ্ঠানিক সম্মতির বিষয়টি এখনো স্পষ্ট নয়।

ইসরায়েলের ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য সাধারণত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। এর চেয়ে কম সদস্যের সমর্থনে গঠিত সরকারকে সংখ্যালঘু সরকার বলা হয়, যা পরিচালনার ক্ষেত্রে জোটের বাইরের দল বা স্বতন্ত্র আইনপ্রণেতাদের সমর্থনের ওপর নির্ভর করতে হয়। লিকুদ পার্টির সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের আলোচনা ব্যর্থ হলে বা অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টির সঙ্গে সমঝোতা না হলেও আইজেনকোট এই বিকল্প পথে হাঁটতে পারেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী জোট চেঞ্জ ব্লকের নেতা গাদি আইজেনকোটকে নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হিসেবে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। এ জন্য তিনি ২৮ দিন সময় পাবেন, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো সম্ভব। তবে নতুন সরকারে কোন কোন দল অংশ নেবে, তা নিয়ে এখনো রাজনৈতিক মতপার্থক্য বিদ্যমান রয়েছে।

বাংলাদেশ সময়: ৭:০৫:২৩   ২৯ বার পঠিত   #  #  #  #  #  #