শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ইতালির স্বপ্নে লিবিয়ায় মৃত্যুফাঁদ, মুক্তিপণ দিয়েও মিলছে না মাদারীপুরের তরুণদের খোঁজ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতালির স্বপ্নে লিবিয়ায় মৃত্যুফাঁদ, মুক্তিপণ দিয়েও মিলছে না মাদারীপুরের তরুণদের খোঁজ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



ইতালির স্বপ্ন নিয়ে লিবিয়ায় পাড়ি জমানো মাদারীপুরের শতাধিক তরুণ দালাল ও মাফিয়া চক্রের কবলে পড়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। অনেক পরিবার মুক্তিপণ হিসেবে লাখ লাখ টাকা দিলেও সন্তানদের ফিরে পাচ্ছে না। মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের মাছুম নামের এক তরুণ মুক্তিপণ হিসেবে ৩১ লাখ টাকা দেওয়ার পরও দালালদের নির্যাতনে প্রাণ হারিয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন। শিবচরের মেহেদী হাসান নামের আরেক তরুণকে মুক্ত করতে পরিবার ৩৯ লাখ টাকা ব্যয় করলেও তিনি এখনো বন্দি অবস্থায় অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন। এছাড়া লিমন ইসলাম নামের আরেক তরুণ চার মাস ধরে নিখোঁজ রয়েছেন। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, লিবিয়ায় বন্দি থাকা তরুণদের হাত-পায়ের নখ উপড়ে ফেলার মতো অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সাল থেকে এ পর্যন্ত মানবপাচার ও সংশ্লিষ্ট ঘটনায় ৮১৩টি মামলা হয়েছে, যেখানে ২ হাজার ৯৭৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৩৪৮টি মামলায় চার্জশিট এবং ৯৪টি মামলায় ফাইনাল রিপোর্ট দাখিল করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় দালালদের বিরুদ্ধে অভিযান চললেও বিদেশে অবস্থানরত মূল হোতাদের আইনের আওতায় আনা কঠিন। আটককৃতরা জামিনে মুক্তি পাওয়ায় দালালচক্রের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ৭:০২:৩৬   ২৮ বার পঠিত   #  #  #  #  #  #