রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোর জেলা শাখার এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার শেরপাড়া মহল্লা থেকে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান, যিনি নাটোর সদর থানা লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ওই এলাকায় দুই মাস ধরে আত্মগোপনে ছিলেন। বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে তিনি পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে লাফিয়ে পাশের একটি দোকানের ছাদে উঠলে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ তাঁকে হেফাজতে নেয়। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে নাটোর সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে এবং তিনি এজাহারনামীয় আসামি। পুঠিয়া থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নাটোর পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:১১:২৭ ২৯ বার পঠিত #গ্রেপ্তার #পুঠিয়া #বিএনপি #যুবলীগ #রাজশাহী #সন্ত্রাস দমন আইন