শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

কক্সবাজারে মোটরসাইকেল ও কুকুরের সংঘর্ষে দুই বন্ধু নিহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » কক্সবাজারে মোটরসাইকেল ও কুকুরের সংঘর্ষে দুই বন্ধু নিহত
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে দুই তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাতারবাড়ী-আফজলিয়া সড়কের রাঙাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কুকুরটিরও মৃত্যু হয়।

নিহত দুই তরুণ হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের ছেলে মো. শাহীন এবং একই এলাকার আবদুস ছালামের ছেলে মোহাম্মদ ইকবাল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে তিন বন্ধু মোহাম্মদ ইকবাল, মো. শাহীন ও আবদুল কাইয়ুম মোটরসাইকেলে করে মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রবন্দর প্রকল্প দেখতে যান। রাতে বাড়ি ফেরার পথে রাঙাখালী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি একটি কুকুরের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে তিন বন্ধু সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ইকবাল ও শাহীনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আবদুল কাইয়ুমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। মহেশখালীর মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ১২:২১:১০   ৩৪ বার পঠিত   #  #  #  #  #