মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইলেকট্রনিক যুদ্ধে মার্কিন ড্রোন দখলের দাবি ইরানের, হরমুজে তেলবাহী জাহাজে আগুন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইলেকট্রনিক যুদ্ধে মার্কিন ড্রোন দখলের দাবি ইরানের, হরমুজে তেলবাহী জাহাজে আগুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মার্কিন সামরিক প্রযুক্তির বিরুদ্ধে নিজেদের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার নতুন সাফল্যের দাবি করেছে। বাহিনীটির ভাষ্যমতে, ইলেকট্রনিক যুদ্ধের কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউএম-১৭০ ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে অক্ষত অবস্থায় মাটিতে নামানো হয়েছে। এ নিয়ে ইরানের দখলে নেওয়া একই মডেলের মার্কিন ড্রোনের সংখ্যা নয়টিতে দাঁড়িয়েছে। মঙ্গলবার ভোরে কেশম দ্বীপের দক্ষিণ আকাশে এই অভিযান পরিচালিত হয় বলে আইআরজিসির বিমান ও মহাকাশ বাহিনী জানিয়েছে।

আইআরজিসির জনসংযোগ বিভাগের বিবৃতিতে দাবি করা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) উন্নত সামরিক সরঞ্জামের বিরুদ্ধে ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।

একই সময়ে হরমুজ প্রণালিতে নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে নিষিদ্ধ এলাকায় প্রবেশের অভিযোগে একটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবরও জানিয়েছে আইআরজিসির নৌবাহিনী। বাহিনীটির দাবি, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির পূর্ব অংশে এটি চতুর্থ ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ। আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের আকাশসীমা কোনো বিদেশি শক্তির পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্র হতে দেওয়া হবে না এবং যেকোনো শত্রুতামূলক তৎপরতার কঠোর জবাব দেওয়া হবে। তবে ড্রোন দখল ও জাহাজে আগুন লাগার এসব তথ্য ইরানি সামরিক বাহিনীর দাবির ভিত্তিতে প্রচারিত, যার কোনো স্বাধীন বা নিরপেক্ষ যাচাই করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২০:৪৪:৪৭   ২০ বার পঠিত   #  #  #  #  #  #