মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন ভুয়া চেকে ২০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে, সাবেক ডিসির বিরুদ্ধে পরোয়ানা

প্রথম পাতা » অপরাধ » ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন ভুয়া চেকে ২০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে, সাবেক ডিসির বিরুদ্ধে পরোয়ানা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণে অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন। একই মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

কারাগারে পাঠানো অন্য চার আসামি হলেন—আনোয়ারুল ইসলাম, আবুল কাশেম মজুমদার, বশির আহম্মদ ও নুর মোহাম্মদ। আগামী ৩০ নভেম্বর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্তিত্বহীন চিংড়িঘেরের ক্ষতিপূরণের নামে ভুয়া চেক ব্যবহার করে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন রুহুল আমিন। এ সময় মহেশখালী উপজেলায় মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণের ক্ষতিপূরণ নির্ধারণের সময় ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘেরের তথ্য দেখিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল।

এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ করেন। ২০১৯ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে সাবেক জেলা প্রশাসকসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৯   ১৭ বার পঠিত   #  #  #  #  #  #