পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি প্রদেশে সব ধরনের খনি কার্যক্রম এবং স্বর্ণ উত্তোলনের ইজারা বাতিলের ঘোষণা দিয়েছেন। অবৈধভাবে স্বর্ণ উত্তোলন করে অর্জিত অর্থের একটি বড় অংশ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে যাচ্ছে এবং এর ৮০ শতাংশ আফগানিস্তানে পাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। গভর্নর জানান, কোহাট জেলায় প্রতি মাসে প্রায় ৯০ কেজি স্বর্ণ উত্তোলন করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪২০ কোটি পাকিস্তানি রুপি।
অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা খনির কাজ চালিয়ে যাওয়ার বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়মিত অর্থ দিতেন। পরে সেই অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ডসহ পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন তৎপরতায় ব্যবহার করা হয়েছে।
সম্প্রতি কোহাটের দারাবো কাচ এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য ও ১৮ সশস্ত্র ব্যক্তি নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গভর্নর কুন্দি এই ঘটনায় সাবেক প্রাদেশিক মন্ত্রী আফতাব আলম, শাহরিয়ার আফ্রিদি ও খুররম জিশানসহ ১২ জন রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন। অবৈধ খনন ও সংঘর্ষের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে এবং ইজারাগ্রহীতাদের সাত দিনের মধ্যে ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং অভিযুক্তদের বিরুদ্ধে এখনো পুলিশ মামলা করেনি।
বাংলাদেশ সময়: ২০:২৭:২৫ ১৭ বার পঠিত #অর্থপাচার #খাইবার পাখতুনখোয়া #পাকিস্তান #ফয়সাল করিম কুন্দি #সন্ত্রাসবাদ #স্বর্ণখনন