শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পাকিস্তানশাসিত কাশ্মীরে জনরোষ ও নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে উত্তপ্ত পরিস্থিতি

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানশাসিত কাশ্মীরে জনরোষ ও নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে উত্তপ্ত পরিস্থিতি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



পাকিস্তানশাসিত কাশ্মীরে (পিওকে) সরকারবিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। চলতি মাসের শুরুতে রাওয়ালকোটের বিক্ষোভকারীদের ওপর ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র দাবি করেছে। বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা পাঁচ এবং আহত হয়েছেন ১৮ জন। গত ৫ নভেম্বরের ঘটনার পর পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ও বিশ্লেষকদের মতে, অভিযোগ সত্য হলে পাকিস্তানশাসিত কাশ্মীরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এটিই প্রথম ড্রোন ব্যবহারের ঘটনা। নিউজলন্ড্রির প্রতিবেদন অনুযায়ী, গত ছয় মাসে অঞ্চলটির সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটেছে। ২০২২ সাল থেকে চলমান অসন্তোষ চলতি বছরের জুন থেকে নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনার পর আরও বিস্তৃত হয়েছে। রাওয়ালকোট থেকে এই আন্দোলন এখন অঞ্চলটির ১০টি জেলায় ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণ করা কঠিন হলেও, গত সেপ্টেম্বরে জাতিসংঘের ছয়জন বিশেষ প্রতিবেদক পাকিস্তান সরকারকে পাঠানো চিঠিতে ৯৬ জন নিহত হওয়ার কথা উল্লেখ করেছিলেন। গত ৮ নভেম্বর জম্মু-কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেকেজেএএসি) রাওয়ালকোট, মুজাফফরাবাদ, মিরপুর ও কোটলিসহ বিভিন্ন এলাকায় ধর্মঘটের ডাক দেয় এবং বিক্ষোভকারীদের ওপর গুলি বন্ধের আহ্বান জানায়। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি হলো পাকিস্তানের বিভিন্ন প্রদেশে থাকা ১২টি শরণার্থী আসন বিলুপ্ত করা। ১৯৪৭ সালে জম্মু-কাশ্মীর থেকে পাকিস্তানে যাওয়া শরণার্থীদের জন্য নির্ধারিত এসব আসনের প্রতিনিধিদের অনেকেরই পাকিস্তানশাসিত কাশ্মীরের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, অথচ তাঁরা অঞ্চলটির ৪৫ লাখ মানুষের প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেন। স্থানীয়দের অভিযোগ, এসব প্রতিনিধি পাকিস্তানের কেন্দ্রীয় সরকার, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার স্বার্থ রক্ষা করেন। এছাড়া ২০২৬ সালের নির্বাচন ঘিরে বিতর্ক, গমের আটা ও বিদ্যুতের ওপর ভর্তুকি প্রত্যাহার এবং অঞ্চলটির স্বতন্ত্র প্রশাসনিক ও রাজনৈতিক পরিচয় বিলীন হওয়ার আশঙ্কায় পাকিস্তান সরকারের সঙ্গে স্থানীয়দের দূরত্ব বাড়ছে।

বাংলাদেশ সময়: ৮:০৪:৩২   ৫ বার পঠিত   #  #  #  #  #  #