বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » প্রধান সংবাদ » বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভরপাশা ইউনিয়নে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা–পুলিশ সূত্রে জানা যায়, চিকিৎসকের ওপর হামলার ঘটনার পর থেকেই ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি সোহেল রানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে আজ দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুরঞ্জিত দাসের নিজ চেম্বারে হামলার ঘটনা ঘটে। এ সময় চিকিৎসককে গালাগাল ও মারধরের অভিযোগ ওঠে যুবদল নেতা ইমরান খানের বিরুদ্ধে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ হাসপতালের বহির্বিভাগে রোগী দেখছিলেন চিকিৎসক সুরঞ্জিত দাস। এ সময় যুবদল নেতা ইমরান খানের বাবা বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তাঁর চেম্বারে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় বেলায়েত হোসেনকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন চিকিৎসক। বিষয়টি তিনি তাঁর ছেলে ইমরান খানকে জানান। কিছুক্ষণ পর ইমরান খান তিন থেকে চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। একপর্যায়ে তাঁরা চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ ও গালাগাল শুরু করেন। পরে তাঁকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ইমরান খান আমার চেম্বারে ঢুকে সরকারি কাজে বাধা দেন। তিনি আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং মারধর করেন। আমি বাকেরগঞ্জ থানায় মামলা করেছি।

ওই পরিস্থিতিতে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন চিকিৎসক সুরঞ্জিত দাস।

সুরঞ্জিত দাস বলেন, ‘রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলাম। এ কারণে ইমরান খান আমার চেম্বারে ঢুকে সরকারি কাজে বাধা দেন। তিনি আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং মারধর করেন। আমি বাকেরগঞ্জ থানায় মামলা করেছি।’

হাসপাতালের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেন জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপির সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪০   ১৪ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


২০২৭ সাল থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০ গাড়ির সংঘর্ষ, নিহত ১১
কক্সবাজারে সাত স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, উপজেলা ফটকে তালা
ইরানের হুমকির মুখে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বিমান স্থানান্তর
নামের মিলে এক বছর ধরে কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন
জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
রাষ্ট্রদ্রোহ মামলায় দুই সাবেক সেনা কর্মকর্তার ফের রিমান্ড
কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, এমপির গাড়িবহরে হামলা ও ভাঙচুর
বাকেরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ