সোমবার, ৯ নভেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীকে কুষ্টিয়ায় ঢুকতে না দেওয়ার হুমকি মুফতি আমির হামজার

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রতিমন্ত্রীকে কুষ্টিয়ায় ঢুকতে না দেওয়ার হুমকি মুফতি আমির হামজার
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। একই সঙ্গে তিনি প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চলমান সংসদে সব ফাঁস করে দেবেন। গত ৭ নভেম্বর রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এক ওয়াজ মাহফিলে তিনি এই বক্তব্য দেন। ভিডিওতে আমির হামজা অভিযোগ করেন, প্রতিমন্ত্রী প্রশাসনকে ব্যবহার করে শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। তবে মাহফিল আয়োজক কমিটি এই বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা জানান, অনিবার্য কারণবশত কমিটির নিজস্ব সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয় এবং ২ নভেম্বর তা লিখিতভাবে আমির হামজার পিএসকে জানানো হয়। এর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানও নিশ্চিত করেছেন যে মাহফিল বন্ধের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই এবং আয়োজক কমিটি নিজেই তা স্থগিত করেছে।

বাংলাদেশ সময়: ২৩:২১:৫৪   ৩০ বার পঠিত   #  #  #  #  #  #