সোমবার, ৯ নভেম্বর ২০২৬

কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতা-কর্মী গ্রেপ্তার
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



কুমিল্লা জেলা পুলিশের তিন দিনের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৮১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। সোমবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নাঙ্গলকোট উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল হাছান বাছির ভূঁইয়া, মনোহরগঞ্জের খিলা ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী এবং হোমনার দুলালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরকদ্রব্য আইনসহ সহিংসতা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৪২   ২৭ বার পঠিত   #  #  #  #  #  #