চাঁদপুরের ইলিশের খ্যাতি ব্যবহার করে ফেসবুক পেজের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা প্রতারণা রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। এখন থেকে অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীদের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা এ বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসাধু ব্যবসায়ীরা ভুয়া ফেসবুক পেজ খুলে চাঁদপুরের ইলিশের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এই প্রতারণা বন্ধ এবং ইলিশের মান ও মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।
আগ্রহী ব্যবসায়ীদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত ফরমে (পরিশিষ্ট-ক) ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স সংগ্রহ করতে হবে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এ পর্যন্ত বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নড়াইল থেকে নয়জনসহ মোট ১১ জন প্রতারককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, এই লাইসেন্সিং ব্যবস্থার ফলে অনলাইনে ইলিশ কেনাকাটায় ক্রেতারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন এবং ইলিশ নিয়ে প্রতারণার সুযোগ আর থাকবে না।
বাংলাদেশ সময়: ৮:৫০:৫৮ ২৬ বার পঠিত #অনলাইন ব্যবসা #ইলিশ #চাঁদপুর #জেলা প্রশাসন #প্রতারণা #লাইসেন্স