হরমুজ প্রণালিতে অবাধে জাহাজ চলাচলের সুযোগ দিতে ভারত, চীন, ইরাক ও কাতারকে বিশেষ ছাড় দিয়েছে ইরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সহসভাপতি আমির হায়াত মোকাদ্দাম জানিয়েছেন, এই চার দেশের জাহাজ হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচল করছে এবং যুক্তরাষ্ট্রও সেগুলোতে বাধা দিচ্ছে না। হায়াত মোকাদ্দামের দাবি, এই ছাড়ের বিনিময়ে ভারত থেকে ওষুধ এবং চীনের কাছ থেকে রাজনৈতিক সমর্থন পাবে ইরান। কাতার ইতোমধ্যে ইরানকে কূটনৈতিক সমর্থন দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তিনি জানান, ভারত ও চীনের জাহাজ থেকে ট্রানজিট ফি আদায় করবে তেহরান, তবে কাতারের জাহাজ বিনা ফিতে চলাচল করতে পারবে। ইরাকি জাহাজের ক্ষেত্রে টোল আদায়ের বিষয়টি স্পষ্ট করা হয়নি। বিশ্লেষকদের মতে, ইরানের এই পদক্ষেপ বেশ কৌশলী। বিশেষ করে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা এবং দেশটির জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার মাধ্যমে অর্থনৈতিক ও কূটনৈতিক—উভয় দিক থেকেই লাভবান হতে পারে ইরান।
বাংলাদেশ সময়: ২২:৫৩:১৪ ১০ বার পঠিত #আন্তর্জাতিক সম্পর্ক #ইরাক #ইরান #কাতার #চীন #বাণিজ্য #ভারত #হরমুজ প্রণালি