চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিদ্যালয়ের পঞ্চম ও সপ্তম শ্রেণির এসব শিক্ষার্থীকে শনাক্ত করা হয়। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে দেয়ালে স্লোগান লেখার বিষয়টি জানতে পারে পুলিশ। পরে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ১৯ মিনিটের পর সাত শিক্ষার্থী বিদ্যালয়ের বিপরীত পাশের একটি গলিতে প্রবেশ করছে। তাদের একজন স্প্রে রং দিয়ে বাংলায় ও ইংরেজিতে বিভিন্ন স্লোগান লিখছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম জানান, জড়িত শিক্ষার্থীদের অভিভাবকসহ বিদ্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে অন্যদের বিষয়ে তথ্য জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শিক্ষার্থীরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তদন্তে পাওয়া তথ্য বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক লুৎফুন নাহার জানান, তিনি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন এবং বিদ্যালয়ের কর্মচারীদের দিয়ে দেয়ালের লেখাগুলো মুছে ফেলা হয়েছে।
এদিকে, এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে জেলা বিএনপি। গতকাল রাতে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন দলটির নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৩:৩৭:৪৬ ২০ বার পঠিত #চুয়াডাঙ্গা #পুলিশ #বিদ্যালয় #শিক্ষার্থী #স্লোগান