জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসা ছাত্র আরিফ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ আমির হোসেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন জানান। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মহিন উদ্দিন জানান, আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার দুপুরে মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ এবং পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গোলাগুলিতে লর্ড হার্ডিঞ্জ ফাযিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফ চোখে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা ইউসুফ ২০২৪ সালের ২৫ আগস্ট শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে মামলা করেন, যেখানে ইকবাল সোবহান চৌধুরী ৫৩ নম্বর এজাহারনামীয় আসামি।
বাংলাদেশ সময়: ২০:২০:২১ ৯ বার পঠিত #আদালত #আরিফ হত্যা #ইকবাল সোবহান চৌধুরী #গ্রেফতার #জুলাই আন্দোলন #যাত্রাবাড়ী থানা