জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
সামান্তা শারমিন জানান, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের অবস্থানের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেছিলেন। তাঁর ভাষ্যমতে, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো দিক থেকেই মিত্র হওয়ার যোগ্য নয় এবং দলটির সঙ্গে জোট করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, গত ১১ মাস ধরে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাবের মাধ্যমে তিনি এনসিপির কর্মকাণ্ড বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনার চেষ্টা করেছেন। তিনি বলেন, দলের গৃহীত নীতিগুলোকে স্বীকৃত ফোরামে চ্যালেঞ্জ করা ছাড়া দলকে ভুল পথ থেকে ফেরানোর অন্য কোনো গণতান্ত্রিক উপায় ছিল না। পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, এনসিপির পক্ষে দলটির প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকা সম্ভব বলে মনে করেন না তিনি।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর এনসিপির ঘোষিত নতুন কমিটিতে সামান্তা শারমিনকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছিল।
বাংলাদেশ সময়: ২০:০০:৫৯ ১০ বার পঠিত #এনসিপি #জাতীয় নাগরিক পার্টি #পদত্যাগ #রাজনীতি #সামান্তা শারমিন