বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

প্রতিবেশীর মৃত্যুদণ্ড চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার দায়ে প্রতিবেশীর মৃত্যুদণ্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রতিবেশীর মৃত্যুদণ্ড চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার দায়ে প্রতিবেশীর মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬



চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ৮ বছরের এক শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার দায়ে প্রতিবেশী ইমরান হোসেনকে (২৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ দুপুরে পতেঙ্গার খালপাড় এলাকায় শিশুটি খেলছিল। রিকশাচালক ইমরান হোসেন বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে একটি পরিত্যক্ত ভাড়া ঘরে নিয়ে যান। সেখানে অনৈতিক কাজে প্রলুব্ধ করার চেষ্টা করলে শিশুটি বাধা দেয় এবং চিৎকার করে পালানোর চেষ্টা করে। তখন ইমরান ইট দিয়ে শিশুটির মাথা ও কপালে উপর্যুপরি আঘাত করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা সন্ধ্যায় পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন এবং মরদেহের পাশেই রক্তমাখা ইট পাওয়া যায়। শিশুটির বাবার করা মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৮ সালের ১০ আগস্ট অভিযোগপত্র জমা দেয়। ২০১৯ সালের ২৭ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৫৭   ১১ বার পঠিত   #  #  #  #  #  #