জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। মন্ত্রিসভার অনুমোদনের পর বৃহস্পতিবার প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা জানানো হয়। তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন এবং ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন ছুটি থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে ১০ মার্চ ঈদুল ফিতর এবং ১৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এছাড়া শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।
২০২৭ সালের ছুটির তালিকায় ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রয়েছে। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কার্যত ২২ দিন ছুটি ভোগ করবেন। সাধারণ ছুটির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, মে দিবস, বুদ্ধপূর্ণিমা, জুলাই গণ-অভ্যুত্থান দিবস (৫ আগস্ট), বিজয় দিবসসহ অন্যান্য জাতীয় দিবস। নির্বাহী আদেশের ছুটির মধ্যে শবে বরাত, শবে কদর, বাংলা নববর্ষ, আশুরা এবং দুর্গাপূজার নবমী অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ধর্মীয় পর্ব অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিনের ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ রয়েছে, যার জন্য কর্তৃপক্ষের পূর্বানুমোদন প্রয়োজন।
বাংলাদেশ সময়: ১৯:১৬:০৭ ১১ বার পঠিত #ছুটির তালিকা #জনপ্রশাসন মন্ত্রণালয় #বাংলাদেশ #সরকারি ছুটি #২০২৭