দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে বুধবার (৪ নভেম্বর) তারা সিউলে পৌঁছান। স্থানীয় সময় দুপুরে সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আইসিএপিপির প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান। প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় সিউলের হোটেল শিলায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতাদের সম্মানে স্বাগত নৈশভোজের আয়োজন করা হয়েছে। একই রাতে আইসিএপিপির স্থায়ী কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় হোটেল শিলা সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দুই দিনব্যাপী এ সম্মেলনে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনের প্রথম দিনে দুটি প্ল্যানারি অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ৬ নভেম্বর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্ল্যানারি অধিবেশনে অংশ নেবেন বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ প্রতিপাদ্যে সম্মেলনে সমসাময়িক আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা, সংলাপ এবং আস্থা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা ও যৌথ ঘোষণাপত্র প্রণয়নের বিষয়েও মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা। আগামী ৬ নভেম্বর বিকেলে সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:০৪:৩২ ১১ বার পঠিত #আইসিএপিপি #আন্তর্জাতিক সম্মেলন #বিএনপি #রাজনীতি #সিউল