ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়েছে সৌদি আরব। দেশটির মন্ত্রিসভা স্পষ্ট করেছে, যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে তারা দৃঢ় জবাব দেবে। একই সঙ্গে আন্তর্জাতিক নৌ-চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা বিঘ্নিত করার প্রচেষ্টার নিন্দা জানিয়েছে রিয়াদ। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সামুদ্রিক নৌ-চলাচল ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সৌদি আরবের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এবং জি২০-এর সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক তৎপরতা নিয়েও পর্যালোচনা করা হয়েছে, যেখানে আঞ্চলিক উত্তেজনা প্রশমন ও আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৪৭:৩৬ ১৫ বার পঠিত #আন্তর্জাতিক সম্পর্ক #ইয়েমেন #নিরাপত্তা #সৌদি আরব #হুথি