হাজিরা না দেওয়ায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে অভিনেত্রী পরীমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ জুন রাতে সাভারের বোট ক্লাবে ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম এবং ফাতেমা তুজ জান্নাত বনিকেও আসামি করা হয়।
পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা পরীমণি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের হাজির হওয়ার নির্দেশ দেন। পূর্বে জামিনে থাকলেও নির্ধারিত দিনে আদালতে হাজিরা না দেওয়ায় পরীমণির বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:৪৪:০৬ ১৩ বার পঠিত #আদালত #গ্রেপ্তারি পরোয়ানা #নাসির উদ্দিন মাহমুদ #পরীমণি #মামলা #সাভার বোট ক্লাব