বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি (২৭) হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশার (১৯) আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত সাত দিনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে গত রোববার তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক হোসেন ফারুকী জানান, ভিক্টিম তাহসিফ পলাতক শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ করেছিলেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোনো বিরোধ বা সম্পর্কের টানাপোড়েন ছিল কি না, তা উদঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তদন্ত কর্মকর্তা জানান, দিশা ও মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া তথ্যের মধ্যে মিল-অমিল যাচাই করা হচ্ছে।
আসামি পক্ষের আইনজীবী জামাল উদ্দিন ভূঁইয়া রিমান্ড বাতিল চেয়ে জানান, দিশা একজন শিক্ষার্থী এবং তিনি মাইগ্রেনে আক্রান্ত। তবে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাকেও দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:০০:২৮ ১১ বার পঠিত #অপরাধ #আদালত #ঢাকা #তাহসিফ হত্যা #রিমান্ড