প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকালে ব্যবহৃত বাসের ছবি নিয়ে ফেসবুকে করা মন্তব্যে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আবু বকর সিদ্দিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাত দিনের রিমান্ড শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করেন। গত ২১ অক্টোবর রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার নিজ বাসা থেকে আবু বকর সিদ্দিককে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী সফরে রুয়েটের একটি বাস ব্যবহার করেন। এই বাসের ছবি দিয়ে দ্য বিউটি অব রাজশাহী নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হলে সেখানে এমডি আবু বকর সিদ্দিক নামের অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়, ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল। এই ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের এসআই মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৯:৪৭:০৪ ২২ বার পঠিত #আদালত #গ্রেপ্তার #ডিবি #প্রধানমন্ত্রী #ফেসবুক #রাজশাহী #সন্ত্রাসবিরোধী আইন #স্নাইপার