রাজধানীর শান্তিনগর-কাকরাইল মোড়ে অবস্থিত কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলটি ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ১৯৯৮ সালে যাত্রা শুরু করা এই বিপণিবিতানটি একসময় অভিজাত কেনাকাটার অন্যতম গন্তব্য ছিল। তবে দীর্ঘদিনের লোকসান, পরিচালন ব্যয়ের চাপ এবং ক্রেতা সংকটের কারণে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, শান্তিনগর ফ্লাইওভার নির্মাণের সময় যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন, করোনাকালীন মন্দা, অনলাইন কেনাকাটার প্রসার এবং বড় শপিং মলগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারায় বিপণিবিতানটি তার ব্যবসায়িক গুরুত্ব হারায়। এক সময় ১৯৮টি দোকান থাকলেও বন্ধ ঘোষণার সময় মাত্র ১৭টি দোকান চালু ছিল।
কর্ণফুলী গার্ডেন সিটি দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ ওসমানী জানান, বিপণিবিতানটি চালু রাখতে মাসে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হতো, কিন্তু গত ছয় মাসে সার্ভিস চার্জ বাবদ আয় ছিল খুবই সামান্য। এছাড়া বিদ্যুৎ বিল বাবদ ৬০ লাখ টাকার বেশি বকেয়া জমেছে।
বিপণিবিতানটির বাণিজ্যিক অংশ বন্ধ হলেও ভবনটির ওপরের তলার আবাসিক অ্যাপার্টমেন্টগুলো চালু থাকবে। বর্তমানে মালিকেরা ভবনটি বিক্রি অথবা একক কোনো প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার পরিকল্পনা করছেন।
বাংলাদেশ সময়: ১২:৩৯:২৪ ১৭ বার পঠিত #কর্ণফুলী গার্ডেন সিটি #ব্যবসায়িক মন্দা #রাজধানী #শপিং মল #শান্তিনগর