রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইউএনওকে দায়ী করে ফেসবুক পোস্ট দেওয়া এসি ল্যান্ডের শারীরিক অবস্থা ভালো

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইউএনওকে দায়ী করে ফেসবুক পোস্ট দেওয়া এসি ল্যান্ডের শারীরিক অবস্থা ভালো
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। গত শনিবার বিকেলে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। আরিফুর রহমানের শ্বশুর মহসিন মিয়া জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন ভালো।

শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দেওয়ার পর এসি ল্যান্ড আরিফুর রহমানের বাসায় ছুটে যান পুলিশসহ তাঁর সহকর্মীরা। পরে তাঁকে সিলেটের হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে শনিবার বিকেলে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় নিয়ে যান।

গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজের দাপ্তরিক ফেসবুক পেজ থেকে আরিফুর রহমান পরপর দুটি পোস্ট করেন। একটিতে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং অন্যটিতে ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লেখা ছিল। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানিয়েছেন, আরিফুর রহমান বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি সুস্থ হয়ে ফেরার পর ঘটনার বিস্তারিত জানা যাবে। আরিফুর রহমান প্রায় দুই মাস ধরে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউএনও শিল্পী রানী মোদক জানিয়েছেন, পোস্ট দেওয়ার ছয় মিনিট আগেও এসি ল্যান্ড তাঁর বাসায় ছিলেন। তিনি বলেন, ‘পোস্ট দেওয়ার বিষয়টি আমি নিজেও বুঝতে পারছি না। উনি সুস্থ হয়ে ফিরে আসার পর কথা বলি, এরপর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।’

বাংলাদেশ সময়: ১৪:১৬:৩৩   ৯ বার পঠিত   #  #  #  #  #  #