রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

খুলনায় এক দিনে তিন সহিংসতা: যুবদল নেতা ও মুদিদোকানিকে গুলি, ক্লিনিকে ভাঙচুর

প্রথম পাতা » প্রধান সংবাদ » খুলনায় এক দিনে তিন সহিংসতা: যুবদল নেতা ও মুদিদোকানিকে গুলি, ক্লিনিকে ভাঙচুর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



খুলনায় গত শনিবার পৃথক তিনটি সহিংস ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকালে তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামের যুবদলের এক নেতা আহত হন। তিনি তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। সন্ধ্যায় নগরের দক্ষিণ টুটপাড়া এলাকায় নিজের দোকানে বসে থাকা অবস্থায় ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু (৪৫) নামের এক মুদিদোকানিকে গুলি করে দুর্বৃত্তরা।

একই দিন রাতে নগরের বাবু খান রোডে অবস্থিত সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা চালায় মুখোশধারী ৮ থেকে ১০ জনের একটি দল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ১৩ মিনিটের দিকে হামলাকারীরা ক্লিনিকে ঢুকে কাউন্টারের কাচ, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এ সময় ক্লিনিকের এক কর্মকর্তা আহত হন এবং এক কর্মীর মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

ভাঙচুর শেষে ক্লিনিক থেকে বেরিয়ে বাইরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়াতে একটি ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে তারা বাবু খান রোড দিয়ে পায়ে হেঁটে চলে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খুলনা অঞ্চল) মো. শফিকুল ইসলাম জানান, ক্লিনিক কর্তৃপক্ষ তদন্তে সহযোগিতা করছে না। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ১২:১২:৫৭   ১৬ বার পঠিত   #  #  #  #  #  #