
সাম্প্রদায়িকতাকে পুঁজি করে যারা বিভাজন তৈরি করে, তাদের কোনো রাজনৈতিক আদর্শ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, আমি যতদিন কর্মক্ষম আছি, জনগণের জন্য কাজ করে যাব। আমি ব্যক্তিগত সম্পর্কে রাজনীতি টানি না এবং সর্বদলীয় হিসেবে কাজ করতে চাই। তিনি ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে নতুন রাস্তার জন্য প্রায় ১৫শ কোটি টাকার বাজেট গৃহীত হয়েছে এবং ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান। এছাড়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতনকাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, এগুলো নিশ্চিত না হলে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা কঠিন। তিনি পেশাগত স্বার্থ রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মতবিনিময় সভায় ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতারা পেশাগত সমস্যা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৯:৪১:৩৩ ৫ বার পঠিত #উন্নয়ন #গণমাধ্যম #ঠাকুরগাঁও #বঙ্গভবন #রাষ্ট্রপতি #সাংবাদিক #সাম্প্রদায়িকতা