শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

সিলেটে ১৯ কোটি টাকার ট্রাক টার্মিনাল অব্যবহৃত

প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ১৯ কোটি টাকার ট্রাক টার্মিনাল অব্যবহৃত
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালটি প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও বর্তমানে এটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ২০১৩ সালের ২৩ নভেম্বর নির্মাণকাজ শুরু হওয়া এই টার্মিনালটি ২০১৯ সালের ১৯ অক্টোবর উদ্বোধন করা হয়। ৮ একর ৭৭ শতক আয়তনের এই টার্মিনালে একসঙ্গে ৪৫০টি ট্রাক রাখার ব্যবস্থা থাকলেও চালকদের অনাগ্রহের কারণে সেখানে নিয়মিত ট্রাক রাখা হয় না। সরেজমিনে দেখা যায়, টার্মিনালের ভেতরে ট্রাকের পরিবর্তে তরুণ-যুবকদের ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, টার্মিনালটি শহর থেকে ৮ থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় এবং আশপাশে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় চালকেরা সেখানে ট্রাক রাখতে আগ্রহী নন। এ ছাড়া আগে নগরের বিভিন্ন সড়কে ট্রাক পার্কিং থেকে ইজারাদারেরা টাকা আদায় করতে পারলেও বর্তমানে সেই সুযোগ বন্ধ করে দেওয়ায় ইজারাদারেরাও টার্মিনালটি পরিচালনায় উৎসাহ হারাচ্ছেন। সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, টার্মিনালটি কীভাবে কার্যকর করা যায়, সে বিষয়ে কর্তৃপক্ষ ভাবছে।

বাংলাদেশ সময়: ১৭:০০:৫৬   ১৮ বার পঠিত   #  #  #  #  #