পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজিত নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভায় অস্ত্র আইনের মামলায় পুলিশের অভিযোগপত্রভুক্ত আসামি ও বহিষ্কৃত বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন ফরাজীর উপস্থিতি ও বক্তব্য প্রদান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাবে আয়োজিত ওই সভায় তিনি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর প্রতিনিধি হিসেবে অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ নভেম্বর মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের অভিযানে জাহাঙ্গীর হোসেন ফরাজী একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলিসহ গ্রেপ্তার হন। ৭ নভেম্বর তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় এবং ৬ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলাটি বর্তমানে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন।
দলীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর জাহাঙ্গীর হোসেন ফরাজীকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল জানান, সংসদ সদস্যের পরামর্শেই তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং মামলাটি আগের হওয়ায় বিষয়টি তাঁর নজরে ছিল না। সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী দাবি করেন, জাহাঙ্গীর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এবং তাঁর কাছে কোনো অস্ত্র ছিল না।
বাংলাদেশ সময়: ১৬:৫৭:০৫ ১৫ বার পঠিত #অস্ত্র মামলা #জেলা প্রশাসক #পটুয়াখালী #বিতর্ক #মির্জাগঞ্জ