চট্টগ্রামের আনোয়ারায় ভুল চিকিৎসায় আট বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে একটি বেসরকারি হাসপাতালে ১৬ ঘণ্টা অবস্থান করেছেন স্বজনেরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার সাঙ্গু ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত স্বজনেরা হাসপাতালের সামনে অবস্থান করার পর লাশ নিয়ে বাড়ি ফিরে যান।
নিহত শিশুর নাম মো. আয়ান। সে উপজেলার বারশত ইউনিয়নের বাসিন্দা। স্বজনদের অভিযোগ, বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর আয়ানকে ওই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর নানি কুলসুমা বেগম অভিযোগ করেন, কোনো ধরনের পরীক্ষা ছাড়াই হাসপাতালের কর্মচারী দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে এবং চিকিৎসকরা গুরুত্ব দেননি।
তবে হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, রোগী হাসপাতালে মারা যায়নি, বরং ঘরে মারা যাওয়া রোগী নিয়ে হাসপাতালে আসার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে। ঘটনার পর হাসপাতালটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১:৪৪:৩১ ১৫ বার পঠিত #অভিযোগে #আনোয়ারা #চট্টগ্রাম #ভুল চিকিৎসা #মৃত্যু #হাসপাতাল