কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যালয় থেকে এক শিশুশিক্ষার্থীকে কৌশলে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে কটিয়াদী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বেথৈর গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুটির নাম ইলমা (৭), সে বেথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কালো বোরকা পরা ওই নারী বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি ইলমাকে তার বাবা দুর্ঘটনায় আহত হয়েছেন বলে ফুসলিয়ে বিদ্যালয়ের বাইরে নিয়ে যান। পরে ইলমার বাবা বিদ্যালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পিপুলিয়া এলাকায় অটোরিকশায় ওই নারীকে খুঁজে পান। স্থানীয় লোকজন তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করে বিদ্যালয়ে আটকে রাখে।
কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়েছে। তাঁকে থানায় নিয়ে আসার সময় উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায় এবং গাড়ির কাচ ভেঙে ফেলে। এ ঘটনায় তিন থেকে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আটক নারীর নাম প্রিয়া (২৫) বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তবে তাঁর পরিচয় যাচাই করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২:৫৫:১২ ১৩ বার পঠিত #অপরাধ #অপহরণ #কটিয়াদী #কিশোরগঞ্জ #পুলিশ