
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নজরুলের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাহাবুবুর রহমান। শুনানিতে তিনি দাবি করেন, মামলার বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আসামিদের সমঝোতা হয়েছে এবং বাদীপক্ষের জামিনে কোনো আপত্তি নেই। তবে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে দেন। এর ফলে নজরুল ইসলামকে কারাগারেই থাকতে হচ্ছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। সেদিন আদালত মাকছুদাকে জামিন দিলেও নজরুলের আবেদন নামঞ্জুর করেছিলেন। মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুল রহমানকে আসামি করা হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর নজরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মামলার অপর আসামি ওবায়দুল রহমানকেও গ্রেফতার করা হয়েছে এবং তাকেও কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৭:১৫ ১৬ বার পঠিত #আত্মহত্যায় প্ররোচনা #আদালত #গাজী নজরুল ইসলাম #জামিন নামঞ্জুর #মামলা #সাবেক এমপি