বুধবার, ৭ অক্টোবর ২০২৬

মশা নিধনে ৪৮ হাজার কমিটি কাগজে-কলমে থাকলেও বাস্তবে নিষ্ক্রিয়

প্রথম পাতা » প্রধান সংবাদ » মশা নিধনে ৪৮ হাজার কমিটি কাগজে-কলমে থাকলেও বাস্তবে নিষ্ক্রিয়
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



সারা দেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ৪৮ হাজার ৫৫৯টি কমিটি গঠনের নির্দেশনা থাকলেও বাস্তবে অধিকাংশ কমিটির কোনো অস্তিত্ব নেই। ২০১৯ সালে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রকাশিত জাতীয় নির্দেশিকা অনুযায়ী, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এসব কমিটি গঠনের কথা ছিল। তবে জাতীয় কমিটি এবং ১৩টি সিটি করপোরেশনের কমিটি ছাড়া মাঠ পর্যায়ের ইউনিয়ন, উপজেলা বা পৌরসভা পর্যায়ের কমিটিগুলো কার্যত নিষ্ক্রিয়।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম দাবি করেছেন যে, জাতীয় কমিটি, সিটি করপোরেশন এবং ৩৩০টি পৌরসভার কমিটিগুলো কাজ করছে। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। পাবনার বেড়া উপজেলা, নেত্রকোনা পৌরসভা, সিলেট সিটি করপোরেশন এবং চট্টগ্রামের সন্দ্বীপসহ দেশের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, অনেক জায়গায় ডেঙ্গু প্রতিরোধে কোনো কমিটিই গঠিত হয়নি। আবার কোথাও কোথাও কমিটি থাকলেও তাদের কোনো সভা বা কার্যক্রম নেই।

বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকার বিভাগ যদি মাঠ পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সব কমিটিকে সক্রিয় করতে না পারে, তবে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়। জনস্বাস্থ্যবিদ আবু জামিল ফয়সাল জানান, এসব কমিটি সচল করা জরুরি, যাতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা যায়। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৪১:০৫   ২৩ বার পঠিত   #  #  #  #  #