বুধবার, ৭ অক্টোবর ২০২৬

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম পাতা » অপরাধ » উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ৭ অক্টোবর ২০২৬



সাতক্ষীরার তালা উপজেলার ধুলন্ডা গ্রামে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক কলেজছাত্রী ও তার বাবাকে মারধরের তিন দিন পর ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নীলা খাতুন (১৬) মাগুরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

কলেজে যাতায়াতের পথে প্রতিবেশী রকি শেখ, শোয়েব মালী ও ইমন শেখ তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দা আকলিমা খাতুনের সঙ্গে নীলার তর্কাতর্কি হয়। বিষয়টি নীলা তার পরিবারকে জানালে গত শুক্রবার দুপুরে নীলার বাবা লিটন শেখকে প্রতিবেশী আমজেত শেখের বাড়ির উঠানে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। তাকে বাঁচাতে গেলে নীলা ও তার মাকেও মারধর করা হয়।

ঘটনার তিন দিন পর সোমবার সন্ধ্যায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে নীলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নীলার বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন আমজেত শেখ, রকি শেখ, শোয়েব মালী, ইমন শেখ, ইমরান শেখ, আকলিমা খাতুন ও আকবর শেখ। লিটন শেখ জানান, ঘটনার দিনই তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে থানায় গিয়ে ওসিকে বিষয়টি জানিয়েছিলেন। সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) আক্তারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ৮:৪০:৪০   ৩২ বার পঠিত   #  #  #  #  #